সামাজিক মাধ্যমে নতুন ভিডিও প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার বদলে যাওয়া লুক নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা।
সম্প্রতি নিজের অফিসিয়াল পেজে গাড়িতে বসে থাকা অবস্থায় ২৪ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওতে কালো চশমা ও পশ্চিমা পোশাকে ঠোঁট মিলিয়ে গান গাইতে দেখা যায় তাকে। তবে দর্শকদের নজর কাড়ে তার মুখের গঠন, বিশেষ করে থুতনির অতিরিক্ত তীক্ষ্ণতা।
ভিডিওটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই ধারণা করছেন, অতিরিক্ত প্লাস্টিক সার্জারির কারণেই তার চেহারায় এমন পরিবর্তন এসেছে। এক অনুরাগী মন্তব্য করেন, “সার্জারি করতে করতে কী অবস্থা হয়েছে থুতনির!” আরেকজন লেখেন, “ভি-শেপ দিয়ে ফেসটাকে কী করেছে!”
এ ছাড়া কিছু ব্যবহারকারী তার ফ্যাশন ও লুক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যও করেন, এমনকি কেউ কেউ তাকে ‘ক্ষ্যাত’ বলেও সম্বোধন করেন।
নুসরাত ফারিয়া নিয়মিত জিম সেশন ও গ্ল্যামারাস উপস্থিতির কারণে ভক্তদের আলোচনায় থাকেন। তবে এবার তার ‘শার্প’ লুক অনেকের কাছে গ্রহণযোগ্য হয়নি। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি এই অভিনেত্রী।







