বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের বিরুদ্ধে সরাসরি অসহযোগিতা ও পথচলায় বাধা সৃষ্টির অভিযোগ তুলেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। রোববার বেলা সাড়ে ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ বার্তায় তিনি এই বিস্ফোরক দাবি করেন।
মুশফিকুল ফজল আনসারী তার পোস্টে অভিযোগ করেন, জাতিসংঘে একটি গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগের ক্ষেত্রে নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সমর্থন দেওয়া হয়নি। তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার এই সমর্থনের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন তাকে ভুল তথ্য দিয়েছিলেন। তখন দাবি করা হয়েছিল যে, মুশফিক সেখানে জিততে পারবেন না। রাষ্ট্রদূতের ভাষ্যমতে, ওই পদে কোনো ভোটাভুটি হয় না; বরং সদস্য রাষ্ট্রের মনোনয়নের পর জাতিসংঘের একটি উচ্চপর্যায় স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেয়।
নিজ দেশের পক্ষ থেকে সমর্থন না পাওয়াকে দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করে তিনি বর্তমান পরিস্থিতির সমালোচনাও করেন। তার দাবি, সে সময় যারা বিএনপির নাম শুনলে বিরূপ প্রতিক্রিয়া দেখাতেন, তারা এখন নির্বাচিত সরকারের সুনজরে আসতে নানা কৌশলে ব্যস্ত রয়েছেন। কেউ কেউ নতুন কোনো পদ বাগিয়ে নিতে তোষামোদিতে মত্ত বলেও তিনি উল্লেখ করেন।
পোস্টের শেষে মুশফিকুল ফজল আনসারী জানান, কূটনৈতিক দায়িত্ব ও পেশাদারিত্বের কথা মাথায় রেখে তিনি এখনই সব তথ্য প্রকাশ করছেন না। তবে ভবিষ্যতে একটি বইয়ের মাধ্যমে সব সত্য ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরবেন বলে জানান। উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর তৎকালীন অন্তর্বর্তী সরকার তাকে মেক্সিকোর রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রদান করে।