২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ পি.এম

মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন চৌধুরী

মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন চৌধুরী

সম্প্রতি বিদেশ থেকে ফেরার সময় লাগেজে ১৪ বোতল মদসহ ধরা পড়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সঙ্গে ছিলেন তার স্বামী, পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। তবে রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে তাদের ছেড়ে দেন।

ঘটনার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মেহজাবীন ব্যাপক সমালোচনার মুখে পড়েন। রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, তাকে বারবার টার্গেট করে মানহানি করার চেষ্টা করা হচ্ছে। মেহজাবীন লিখেছেন,
“কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।”

সাইবার ও প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে এআই (Artificial Intelligence, AI) দিয়ে তৈরি ছবি ও ভিডিও এর কারণে আমার মতো অনেক শিল্পীরা প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, যা একেবারেই কাম্য নয়। নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে তা আমার জানা নেই।”

সবশেষে পেশাদারিত্ব বজায় রাখার অঙ্গীকার জানিয়ে মেহজাবীন লিখেছেন, “আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন।”