জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সালেহ উদ্দিন সিফাতকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির যুগ্ম সদস্যসচিব সিফাত দাবি করেন, তার মোবাইল নম্বর, পারিবারিক ঠিকানা ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি লেখেন, ‘আমার মোবাইল নাম্বার, পারিবারিক ঠিকানা এবং অন্যান্য ডিটেইলস সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস করেছে গণহত্যাকারী লীগ। ইতোমধ্যে বিভিন্ন নাম্বার থেকে আমাকে অনবরতঃ ডেথথ্রেট, হামলা এবং পরিবারের ওপর আঘাতের হুমকি দেওয়া হচ্ছে।’
পোস্টে তিনি আরও জানান, এ বিষয়ে তিনি পুলিশের কাছে মামলা করতে যাচ্ছেন এবং সীতাকুণ্ডের স্থানীয় প্রশাসন ও পুলিশকে বিষয়টি অবহিত করেছেন।
সিফাত লিখেছেন, ‘আমি পুলিশের কাছে এই ব্যাপারে মামলা করতে যাচ্ছি। সীতাকুণ্ডের স্থানীয় প্রশাসন ও পুলিশকেও জানিয়েছি।’ পাশাপাশি সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘এই গণহত্যাকারী ও ফ্যাসিবাদীদের মোকাবিলায় আমি আপনাদেরকে পাশে চাই। আমরা এই খুনীচক্রকে একসঙ্গে প্রতিহত করব, ইনশাআল্লাহ! ইনকিলাব জিন্দাবাদ!’
টেলিভিশন টক শোতে পরিচিত মুখ সালেহ উদ্দিন সিফাতকে দেওয়া এই হুমকির ঘটনায় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা নিন্দা জানিয়েছেন।