ভোলার চরফ্যাশন উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই প্রতিবেশী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো খাদিজা আক্তার (৮) ও সোহানা (৯)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার শশীভূষণ থানার হাজারিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাজারিগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোহানা ওই গ্রামের সোহাগ হোসেনের মেয়ে এবং খাদিজা মো. ইউসুফের মেয়ে। তারা প্রতিবেশী ছিল।
পরিবারের বরাতে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে দুই শিশু খেলতে বাড়ি থেকে বের হয়। পরে আড়াইটার দিকে তাদের খোঁজ না পেয়ে স্বজনরা বাড়ির পাশের পুকুরে অনুসন্ধান শুরু করেন। সেখানে ডুবন্ত অবস্থায় প্রথমে খাদিজাকে পাওয়া যায়। তাকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর একই পুকুর থেকে সোহানার মরদেহও উদ্ধার করা হয়।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।