২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ এ.এম

পরিচালকের পচাগলা মরদেহ উদ্ধার, আবেগঘন বার্তায় স্মরণ করলেন হৃতিক

পরিচালকের পচাগলা মরদেহ উদ্ধার, আবেগঘন বার্তায় স্মরণ করলেন হৃতিক

বলিউডের প্রবীণ সহকারী পরিচালক এম এম বেগের পচাগলা মরদেহ তার নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা হৃতিক রোশন, যিনি ক্যারিয়ারের শুরুতে বেগের কাছ থেকেই সংলাপ বলার প্রশিক্ষণ নিয়েছিলেন।

শুক্রবার পুলিশ তার মরদেহ উদ্ধার করে। শোবিজ অঙ্গনে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করা এম এম বেগ দীর্ঘ সময় চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। হৃতিক রোশনের অভিষেক সিনেমা ‘কহো না পেয়ার হ্যায়’-এ সংলাপ বলার প্রশিক্ষক হিসেবেও কাজ করেছিলেন তিনি।

বেগের মৃত্যুতে সামাজিক মাধ্যমে দেওয়া শোকবার্তায় হৃতিক লেখেন,
‘আমার প্রিয় বেগজি, একজন অভিনেতা হিসেবে ক্যারিয়ারের শুরুতে আমার যে শিক্ষার প্রয়োজন ছিল তা আপনার কাছেই পেয়েছি। তার জন্য আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনি আমার আত্মবিশ্বাস অর্জনে সাহায্য করেছেন। নিজেকে একজন অভিনেতা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমার লজ্জা কাটিয়ে উঠতে সাহায্য করেছেন। একই সঙ্গে দুর্বলতাকে শক্তিতে পরিণত করতেও সাহায্য করেছেন। আমি হারিয়ে গিয়েছিলাম এবং আপনি আমাকে পথ খুঁজে পেতে সাহায্য করেছিলেন। তখন আমার মাত্র ১৮ বছর বয়স।’

সবশেষে তিনি আরও লেখেন,
‘আপনার শেখানো পাঠগুলো এখনও অনুশীলন করি। আমি আপনাকে মিস করব। শান্তিতে ঘুমান, আমার শিক্ষক।’

বলিউডে এক সময় একাধিক পরিচালকের সঙ্গে কাজ করলেও জীবনের শেষ দিকে একাকী হয়ে পড়েন এম এম বেগ। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ‘আদমি খিলোনা হ্যায়’, ‘জৈসি করনি ওয়াইস ভরনি’, ‘কর্জ চুকানা হ্যায়’, ‘কালা বাজার’ এবং ‘কিশন কানহাইয়া’সহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।