২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ এ.এম

চকরিয়ায় ডাকাত হামলায় মাংস ব্যবসায়ী নিহত, আহত ৩

চকরিয়ায় ডাকাত হামলায় মাংস ব্যবসায়ী নিহত, আহত ৩

কক্সবাজারের চকরিয়ায় সশস্ত্র ডাকাত দলের হামলায় মোহাম্মদ মুজিব (৪০) নামে এক মাংস বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ্ ওমর মাজারের পশ্চিমে সেবাখোলা ডুমচিতা পুকুরসংলগ্ন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ মুজিব কাকারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কসাইপাড়া এলাকার মৃত ফকির আহমদের ছেলে। তিনি পেশায় মাংস বিক্রেতা ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, শাহ্ ওমর মাজারে একটি দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে মুজিবসহ একই এলাকার মোহাম্মদ জহিরের ছেলে মো. আরিফ (২৮), মৃত মো. কালুর ছেলে মো. মোজাম্মেল (৪৫) এবং ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকার গোলাম কাদেরের ছেলে মোহাম্মদ খোরশেদ (৪০) সেবাখোলা ডুমচিতা পুকুরসংলগ্ন ব্রিজ এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত তাদের পথরোধ করে।

ডাকাতরা চারজনকে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। পরে তাদের হাত-পা বেঁধে পাশের একটি তামাকক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। কিছু সময় পর মো. আরিফ কোনোভাবে বাঁধন খুলে স্থানীয়দের খবর দিলে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ মুজিবকে মৃত ঘোষণা করেন।

আহত অন্য তিনজনের মধ্যে দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।